‘ইনকিলাব মঞ্চের ছেলেদের এভাবে পেটানো কি ঠিক হয়েছে? আমি বিচার চাই’ শীর্ষক কোনো মন্তব্য শেখ হাসিনা করেননি

গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এরই প্রেক্ষিতে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ইনকিলাব মঞ্চের ছেলেদের এভাবে পেটানো কি ঠিক হয়েছে? আমি বিচার চাই” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ইনকিলাব মঞ্চের ছেলেদের এভাবে পেটানো কি ঠিক হয়েছে? আমি বিচার চাই” শীর্ষক কোনো মন্তব্য শেখ হাসিনা করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে `Janina Television’ নামক একটি ফেসবুক পেজ থেকে ০৭ ফেব্রুয়ারি রাত ০১টা ১৯ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
এরপর `Janina Television’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

সুতরাং, শেখ হাসিনা “ইনকিলাব মঞ্চের ছেলেদের এভাবে পেটানো কি ঠিক হয়েছে? আমি বিচার চাই” শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Janina Television- Facebook Post
- Janina Television- Facebook Page

