শেখ হাসিনাকে বাংলাদেশের গর্ব বলে মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী, সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবি সংযুক্ত করে ‘শেখ হাসিনা কোন সাধারণ মানুষ নন। শেখ হাসিনা বাংলাদেশের গর্ব। শেখ হাসিনাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে আনবে’ শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ‘শেখ হাসিনা কোন সাধারণ মানুষ নন। শেখ হাসিনা বাংলাদেশের গর্ব। শেখ হাসিনাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে একাত্তর টিভির লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘২৪ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ২৪ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ২৪ মার্চ ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত বাক্যের পরবর্তী ‘শেখ হাসিনা কোন সাধারণ মানুষ নন। শেখ হাসিনা বাংলাদেশের গর্ব। শেখ হাসিনাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি সংযুক্ত করে ‘শেখ হাসিনা কোন সাধারণ মানুষ নন। শেখ হাসিনা বাংলাদেশের গর্ব। শেখ হাসিনাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: