ভারতে ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত বছরের গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ০৪ ডিসেম্বর দুইদিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই প্রেক্ষিতে, ‘আলহামদুলিল্লাহ এই দৃশ্যের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ, শুভেচ্ছা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরিক্ষিত বন্ধু’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
একই দৃশ্যযুক্ত একাধিক ছবিও একসঙ্গে প্রচার হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্টটি ভিউ হয়েছে ৫৪০। এছাড়া প্রতিক্রিয়া জানায়েছে ৯২ টি অ্যাকাউন্ট থেকে। পাশাপাশি, পোস্টটি ২০ বার শেয়ার করা হয়েছে ও ৩টি মন্তব্য করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি ভারতে ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৩ সালের জানুয়ারিতে রাশিয়ার রাজধানী মস্কোতে তাদের সাক্ষাতের পুরোনো ভিডিওকে সম্প্রতি ভারতে তাদের সাক্ষাৎ দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘Felonious Vendetta’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে লিখা রয়েছে, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা।
এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম এপিতেও একই বৈঠকের একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সেগুলোর বিভিন্ন ফ্রেমের স্ক্রিনশট নিয়ে ছবি আকারে প্রচার করা হচ্ছে।
তাছাড়া, রয়টার্সের ওয়েবসাইটে ২০১৩ সালের ১৫ জানুয়ারি ‘Bangladesh gets Russia loans for weapons, nuclear plant’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ জানুয়ারি মস্কোতে পুতিনের সাথে শেখ হাসিনা সাক্ষাতের পর বাংলাদেশকে অস্ত্র কেনার জন্য ১ বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করেছিল রাশিয়া।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তত এক যুগের পুরোনো।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর ভারতে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৩ সালের জানুয়ারি মাসে মস্কোতে ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠকের দৃশ্যকে সম্প্রতি ভারতে তাদের সাক্ষাতের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

