সম্প্রতি, ‘বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ দলের দুঃসময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গী সন্ত্রাসী পাকিস্তান পন্থী মার্কিন দালাল জামাত বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে, জয়বাংলা জয়বঙ্গবন্ধু’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের ভিডিওটি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদ মাধ্যম ‘যমুনা টেলিভিশন’ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৩ জুন ‘শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মহিলা লীগের বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণে এবং এর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, মিছিল ২০২২ সালের ৩রা জুনের। সেদিন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ।
পাশাপাশি, একই দিনে অর্থাৎ ২০২২ সাল ৩রা জুন ‘Suo Moto WoN’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেও আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিও এবং ক্যাপশন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, মহিলা আওয়ামীলীগ সাম্প্রতিক সময়ে বিক্ষোভ মিছিল করছে দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র


