সম্প্রতি ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষথেকে বাংলাদেশের সকল সাধারণ জনগণকে নতুন বছরের শুভেচ্ছা’ ক্যাপশনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষ ২০২৪ এর শুভেচ্ছা জানানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ‘দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:১২ থেকে ০০:২৮ সেকেন্ড পর্যন্ত অংশটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।
উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সকালে ২০২৪ শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ইংরেজি নববর্ষ ২০২৪ এর শুভেচ্ছা জানান।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।
পরবর্তীতে, বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ‘২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন’ শিরোনামে প্রচারিত সরাসরি সম্প্রচারের ৩৭:১৬ থেকে ৩৭:৩০ পর্যন্ত অংশ থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24 – দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- Bangladesh Television – ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন


