শেখ হাসিনার পদত্যাগ ও ড. ইউনূসের ক্ষমতা গ্রহণের বিষয়ে ট্রাম্পের মন্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করেননি, ইউনুস ইলিগ্যাল ক্ষমতা দখল করেছে’ শীর্ষক মন্তব্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করেননি, ইউনুস ইলিগ্যাল ক্ষমতা দখল করেছে’ শীর্ষক কোনো মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেননি। বরং, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। 

অনুসন্ধানে কানাডিয়ান গণমাধ্যম Global News এর ইউটিউব চ্যানেলে গত ২২ জুন ‘Trump says Iran “must now make peace” or face additional US strikes’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ডোনাল্ড ট্রাম্পের পোশাক, ব্যাকগ্রাউন্ড, পেছনে থাকা ব্যক্তিদের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

০৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ, শেখ হাসিনা কিংবা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

এরপর আলোচিত ভিডিওটি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। উক্ত টুলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

অর্থাৎ, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে ডোনাল্ড ট্রাম্পের বাস্তব বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: