“মারা গেলে দিল্লির শ্মশানে সৎকার”—শেখ হাসিনার নামে ভুয়া মন্তব্য 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন- “আমি মারা গেলে, লাশটা গনভবনে নিও না, টুঙ্গিপাড়ায়ও নিয়ো না, দিল্লির কোনো শ্মশানে সৎকার করে দিও”।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা “আমি মারা গেলে, লাশটা গনভবনে নিও না, টুঙ্গিপাড়ায়ও নিয়ো না, দিল্লির কোনো শ্মশানে সৎকার করে দিও” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, সম্প্রতি রিপাবলিক বাংলায় শেখ হাসিনার কোনো সাক্ষাৎকারই প্রকাশিত হয়নি।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত শেখ হাসিনা এমন মন্তব্য করলে সেটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজ-প্রোফাইলে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। এমনকি রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারের তথ্য মেলেনি।

গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে সর্বশেষ গত বছরের ১৮১৯ নভেম্বর শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারিত হয়। এসব সাক্ষাৎকারে আলোচিত দাবি সংক্রান্ত কোনো মন্তব্য শেখ হাসিনাকে করতে শোনা যায়নি।

দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে Riaz Mahmud নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৪ মে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। উক্ত পোস্টেও দাবিটির পক্ষে কোনো তথ্যসূত্র দেওয়া হয়নি। একই প্রোফাইলে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামেও একটি বক্তব্য প্রচার করা হয়েছে। গত ১৮ মে প্রচারিত পোস্টটিতে রিপাবলিক বাংলায় জয়ের দেওয়া বক্তব্য দাবি করে বলা হয়, জয় জানিয়েছেন “শেখ হাসিনার জানাযায় ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হবেন। রেকর্ড ব্রেক হবে! শুধু চিন্তা করেন ভারতে ১৪০ কোটি মানুষ তার মধ্যে ৩০কোটি মুসলমান। তার মধ্যে ১কোটি তো উপস্থিত হবেই জানাযায়, আর মিনিমাম ৫০লাখ হিন্দু ধর্মের লোকজন তো দেখতে আসবেই। আর বাংলাদেশের ১৮কোটি মানুষের মধ্যে মিনিমাম ১০ কোটি মানুষ গায়েবানা জানাজা পরবে। এবার সব মিলিয়ে হিসাব করে দেখেন কত মানুষ হবে! রেকর্ড ব্রেক হবে, এটাই শেখ হাসিনার পাওয়া।”

আদতে জয়ও সাম্প্রতিক সময়ে রিপাবলিক বাংলা’য় কোনো সাক্ষাৎকার দেননি। তিনি গত বছরের ২১ নভেম্বর সর্বশেষ গণমাধ্যমটিতে সাক্ষাৎকার দেন। তাছাড়া, গত জানুয়ারিতেও সমজাতীয় একটি দাবি যাচাই করে ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

সুতরাং, শেখ হাসিনা “আমি মারা গেলে, লাশটা গনভবনে নিও না, টুঙ্গিপাড়ায়ও নিয়ো না, দিল্লির কোনো শ্মশানে সৎকার করে দিও” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: