শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়ার বিষয়ে বিজেপি নেতার মন্তব্য দাবিতে ভিত্তিহীন দাবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, কথিত বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতা ভারত বলেছেন “শেখ হাসিনাকে নিয়ে বৈঠক ফিরত দিতে রাজি ভারত তবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে”।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, আলোচিত দাবিতে ‘protibadnews76’ নামের ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে কথিত প্রতিবেদন প্রচার হতে দেখা যায়। কথিত প্রতিবেদনে দাবি করা হয়, ‘বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে যে বৈঠক ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠেছে—ভারত তাতে রাজি। তবে তিনি স্পষ্ট করে বলেন, “ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করবে।”’
এরূপ দাবিতে ‘protibadnews76’ নামের ব্লগস্পটের ফ্রি ডোমেইনে কথিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনো নেতার ‘শেখ হাসিনাকে নিয়ে বৈঠক ফিরত দিতে রাজি ভারত তবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে’ শীর্ষক মন্তব্য করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজ থেকে সূত্রপাত হওয়া ভুয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে দাবির সপক্ষে ‘protibadnews76’ নামের একটি ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রচারিত এক কথিত প্রতিবেদন পাওয়া যায়। কথিত প্রতিবেদনটি প্রকাশের কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়নি। কথিত প্রতিবেদনে দাবি করা হয়, ‘বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে যে বৈঠক ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠেছে—ভারত তাতে রাজি। তবে তিনি স্পষ্ট করে বলেন, “ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করবে।”’ কিন্তু, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, কথিত প্রতিবেদনে বক্তব্যের ভিডিও প্রমাণের সংযুক্তি আছে বলা হলেও কথিত প্রতিবেদনে কোনো ভিডিওর সংযুক্তি পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধানে ‘ইকবাল টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ নভেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে আলোচিত ফটোকার্ড সম্বলিত আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ফটোকার্ড থেকে ‘ইকবাল টিভি’র লোগো ও প্যারোডি বিজ্ঞাপন মুছে দেওয়া হয়েছে।

‘ইকবাল টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি। কোনো পোস্ট সিরিয়াসলি বা সত্যকার অর্থে না নেওয়ার অনুরোধ।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ২১ নভেম্বর আবারও ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, এটি দ্বিতীয় অনুরোধ। গত বছরের ডিসেম্বরেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি পাঠিয়েছিল। তবে কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সুতরাং, কথিত বিজেপি নেতাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনাকে নিয়ে বৈঠক ফিরত দিতে রাজি ভারত তবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Iqbal TV – Facebook Post
- Rumor Scanner’s analysis

