‘০৫ই জুলাই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা’ দাবিতে আরটিভির নামে এআই তৈরি ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত করে মূলধারার গণমাধ্যম আরটিভির ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘০৫ই জুলাই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা’।
আলোচিত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘০৫ই জুলাই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা’ শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় আরটিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আরটিভির লোগো ও তারিখ হিসেবে ০১ জুলাই, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে উক্ত তারিখে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইন ও টেক্সটের ফন্টে ভিন্নতা লক্ষ্য করা যায়।

পাশাপাশি, প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে নিচে ‘বিস্তারিত জনেতে’ লেখা দেখা যায়। এছাড়াও, ‘বিস্তারিত’ শব্দটিও বিকৃত অবস্থায় দেখা যায়। এরূপ বিকৃত বা অর্থহীন শব্দ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত কনটেন্টে দেখা যায়।

এদিকে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী আলোচিত ফটোকার্ডটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘০৫ই জুলাই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা’ শিরোনামে আরটিভি এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও এআই নির্মিত।
তথ্যসূত্র
- RTV – Facebook Page
- Hive Detect
- Rumor Scanner’s analysis

