বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শেখ হাসিনার ভাষণ দাবিতে ২০২১ সালের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘Sheikh Hasina is live right now on the occasion of the Great Victory Day on December 16!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অর্থাৎ দাবি করা হয়েছে, আদালতে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সশরীরে ভাষণ দিয়েছেন। এটি সেই ঘটনার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ১৬ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ের একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ের দাবিতে একটি ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৬ ডিসেম্বর ‘মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে দুই দিনব্যাপি অনুষ্ঠানমালার ১ম দিনের অনুষ্ঠান | সরাসরি সম্প্রচার’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ ঘন্টা ৪০ সেকেন্ড অংশ থেকে ১ ঘন্টা ৫৪ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে চ্যানেল আইয়ের ওয়েবসাইটে ২০২০ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় যৌথভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনী পর্বে সভাপতির ভাষণে শেখ হাসিনা বলেন, ‘দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কারণ দেশের মানুষের শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই।’

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২১ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনার ভাষণ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: