দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দাবিতে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “দিল্লিতে আজমীর শরীফ মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সাক্ষাৎকারে বললেন দেশে ফিরবেন শেখ হাসিনা” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫ লক্ষ ৪৩ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের এমন কোনো সাক্ষাৎকার দেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিওকে যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ‘আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শেখ হাসিনা রাজস্থানের আজমিরের খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তাঁর চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করেন।
ভিডিও যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ ডিসেম্বর ‘সিলেট হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কিছু দৃশ্যের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক সমকালের ওয়েবসাইটে ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে সেদিন সকালে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। উভয় স্থানেই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।
ভিডিও যাচাই ৩
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ ডিসেম্বর ‘হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত | জননেত্রী শেখ হাসিনা | নির্বাচনী প্রচারণা শুরু।’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাংবাদিকদের শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার দৃশ্যের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দ্য ডেইলি স্টার বাংলার ওয়েবসাইটে ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় শেখ হাসিনা বলেন, ‘আমার তো বার্তা একটাই। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন আমার বাবা দেখেছেন, আমি সেটাই করতে চাই। আর আমরা নির্বাচনী প্রচারকাজ শুরু করেছি এবং আজকে আমরা এখানে এসেছি।.. আজকে এই যে সিলেটে আমি এসেছি, এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন, গৃহহীন মানুষ নেই। প্রত্যেকটা ভূমিহীন-গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি। কমিউনিটি ক্লিনিক দিয়েছি তাদের চিকিৎসার জন্য। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো আমরা পূরণ করে যাচ্ছি এবং যেটুকু বাকি আছে, ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন ৭ জানুয়ারি (২০২৩), বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আবার যদি সরকার গঠন করতে পারি, পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ করব।
অর্থাৎ, প্রচারিত ভিডিও ফুটেজগুলো সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে দিল্লিতে আজমির শরীফ জিয়ারতের পর শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন দাবিতে ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy TV – আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Ekhon TV – সিলেট হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
- Bangladesh Awami League Official – হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত | জননেত্রী শেখ হাসিনা | নির্বাচনী প্রচারণা শুরু।

