সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘আঃ লীগকে নি’ষি’দ্ধ করার পরই লাইভে শেখ হাসিনা || মুখোমুখি তারেক রহমান বনাম শেখ হাসিনা’। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখা যায়, তবে কেবলমাত্র শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি কোনো লাইভে শেখ হাসিনা, খালেদ মুহিউদ্দিন ও তারেক রহমান একইসাথে মুখোমুখি হননি৷ প্রচারিত ভিডিওটি ভিন্ন ভিন্ন নানা ভিডিও ও অডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
আলোচিত লাইভ/টকশো ভিডিওর বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য সূত্রে এরূপ কোনো টকশো বা লাইভ ভিডিও হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। খালেদ মুহিউদ্দিনের টকশো চ্যানেল ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ পর্যবেক্ষণ করলে তাতেও এরূপ কোনো লাইভ বা টকশো ভিডিও পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত শেখ হাসিনার ফুটেজের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এনটিভি’র ফেসবুক পেজে ২০২৪ সালের ১৪ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শেখ হাসিনার পরা শাড়ী ও পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত শেখ হাসিনার ফুটেজের মিল পাওয়া যায়।

ভিডিওতে শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিষয়ে কথা বলতে দেখা যায়। এছাড়াও, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’র ওয়েবসাইটেও সেসময় একইরকম পোশাক ও পারিপার্শ্বিক অবস্থার ছবি সংবলিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ছবিটি শেখ হাসিনা চীনে দ্বিপাক্ষিক সফর বিষয়ে গণভবনে করা প্রেস কনফারেন্সের।
তবে আলোচিত ভিডিওতে প্রদর্শিত শেখ হাসিনার ফুটেজের সাথে শেখ হাসিনার বক্তব্যের অডিওর মিল পাওয়া যায়নি। এছাড়াও, অডিওর সাথে ঠোঁটেরও অমিল লক্ষ্য করা যায় যা থেকে স্পষ্ট যে অডিওটি ভিন্ন কোনো জায়গা থেকে এনে সংযুক্ত করা হয়েছে।
পরবর্তীতে শেখ হাসিনার অডিওটির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৫ সালের ১৪ মে তারিখে ভিডিও আকারে শেখ হাসিনার বক্তব্যের একটি অডিও পাওয়া যায়। উক্ত অডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার বলা কথাগুলোর প্রায় হুবহু মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে উক্ত অডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার বক্তব্য হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রচারিত ভিডিওতে প্রদর্শিত তারেক রহমানের ফুটেজের বিষয়ে অনুসন্ধানে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৫ সালের ১৯ মে তারিখে প্রচারিত তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত তারেক রহমানের পোশাক, পারিপার্শ্বিক অবস্থা ও সামগ্রিক ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

তবে তারেক রহমানকে কোনো কথা বলতে শোনা না যাওয়ায় সুনির্দিষ্টভাবে কোন ফুটেজ থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, তারেক রহমান শেখ হাসিনার সাথে সম্প্রতি কোনো লাইভে আসেননি এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, সম্প্রতি তারেক রহমান ও শেখ হাসিনা লাইভে মুখোমুখি হয়েছেন শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- NTV – Facebook Post
- Bangladesh Awami League – Facebook Post
- Bangladesh Nationalist Party – BNP – Facebook Post
- BSS News – Full text of PM’s written speech at press conference


