ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরই প্রেক্ষিতে, নির্বাচনের ফলাফল শুনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে- এমন দাবিতে একটি কোলাজ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় এবং এরূপ কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার একাধিক ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর মতো ঘটনা ঘটলে এবং এটি বিএনপির পক্ষ থেকে প্রকাশ করে হলে এ নিয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে Bangladesh Post এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ‘PM fulfills wish of special needs baby Raya’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির আংশিক মিল রয়েছে৷

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মামজিয়া রহমান রায়ার স্কুল শিক্ষিকা হাসিনা হাফিজ ‘অটিজম ম্যানেজমেন্ট সেন্টার’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘রায়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান’ বার্তা সহ একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে রায়া বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসেন এবং ভিডিও কলে তার সাথে কথা বলতে চান। রায়ার ইচ্ছা পূরণ করতে ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ার মা নাবিহা রহমান পিংকির মোবাইল ফোনে ভিডিও কল করেন এবং রায়ার সাথে কথা বলেন ও তার কবিতা আবৃত্তি শুনেন। প্রতিবেদনে সংযুক্ত কোলাজ ছবিটি উক্ত ভিডিও কল চলাকালে ধারণকৃত স্ক্রিনশট ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনা ও রায়াকে দেখা যাচ্ছে।
উক্ত কোলাজ ছবিটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, এটিতে রায়ার ছবির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তারেক রহমানের ছবি প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷
উল্লিখিত ভিডিও কলের বিষয়ে অন্যান্য একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেও একই তথ্য নিশ্চিত করা যায়৷
সুতরাং, শেখ হাসিনা ভিডিও কলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিও কলের ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Post – PM fulfills wish of special needs baby Raya
- Daily Sun – PM fulfills Raya’s desire by making a video call to her
- Dhaka Tribune – PM Hasina fulfils wish of child with special needs


