‘শেখ হাসিনাকে বিশেষ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনা হবে’ বলে মন্তব্য করেননি তারেক রহমান

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান “শেখ হাসিনাকে বিশেষ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনা হবে” শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Lalmaiya Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Lalmaiya Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, প্রধানমন্ত্রীর কার্যালয় এর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত ঘটনা নিয়ে কোনো মন্তব্যও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমান ‘শেখ হাসিনাকে বিশেষ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনা হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- PMO Bangladesh প্রধানমন্ত্রীর কার্যালয় – Facebook Page
- Rumor Scanner’s Own Analysis

