সম্প্রতি, ‘শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেত্রীকে জনগণের প্রয়োজনে ফিরিয়ে আনা হবে – তারেক রহমান’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত বিভিন্ন পোস্ট দেখুন: এখানে (আকার্ইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেত্রীকে জনগণের প্রয়োজনে ফিরিয়ে আনা হবে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ফটোকার্ডের আদলে তৈরি ‘লালমাইয়া টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
লালমাইয়া টিভির ওই ফটোকার্ড থেকেই মূলত আলোচিত দাবিটির সূত্রপাত হয়। সূত্রপাত দেখুন এখানে (আকার্ইভ)।

‘লালমাইয়া টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না। আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেত্রীকে জনগণের প্রয়োজনে ফিরিয়ে আনা হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসুত্র
- Rumor Scanner’s Analysis
- Lalmaiya TV Facebook Page


