কাতারের আমিরের সঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠক দাবিতে পুরোনো বৈঠকের ছবি প্রচার 

কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানির সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠক দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতারের আমির শেখ তামিমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Independent Television’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৩ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের দৃশ্যের সাথে আলোচিত দাবি সংবলিত পোস্টের ছবির মিল রয়েছে।

প্রতিবেদনটি পর্যালোচনায় জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। ঐসময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে শেখ হাসিনার সঙ্গে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তিনি। সফরে বৈঠক, রাষ্ট্রীয় সংবর্ধনা, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর ছাড়াও ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক নামকরণ করা হয়।

পাশাপাশি, কাতারের আমিরের বাংলাদেশ সফর বিষয়ে তথ্য অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজেও ২০২৪ সালের ২৩ মার্চে উল্লেখযোগ্য ছবি প্রচার হতে দেখা যায়। এই ছবির নিচে সংযুক্ত বিবরণী থেকেও একই তথ্য জানা যায়।

এছাড়া, উক্ত বৈঠক ঘিরে দেশিয় মূলধারার একাধিক (, , ) সংবাদমাধ্যমে ঐসময়ে খবর প্রচার হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর তিনি বিভিন্ন সময় অডিও কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং ইমেইলের মাধ্যমে ভারতসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তবে তাকে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।

সুতরাং, ২০২৪ সালে কাতারের আমির শেখ তামিমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পুরোনো ছবি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: