চট্টগ্রামে বিএনপি নেতা খুন ও শিবির কর্মী আটক শীর্ষক ভুয়া দাবিতে সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে। যেখানে দাবি করা হয়, চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে খুন করা হয়েছে এবং এ ঘটনায় একজন শিবির কর্মী আটক হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রাম প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ খুন হওয়া এবং তার প্রেক্ষিতে শিবির কর্মী আটকের দাবিগুলো সঠিক নয় বরং ২০২৩ সালে ভিন্ন ঘটনায় এক শিবিরকর্মী আটকের ছবিকে সম্পাদনা করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া, এরশাদ উল্লাহর প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির সাথে মূল ধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনের ছবির সাদৃশ্য পাওয়া যায়। ছবি দুটি বিশ্লেষণে দেখা যায়, উভয় ছবিতেই গ্রেফতার হওয়া ব্যক্তির দুপাশে থাকা র‍্যাব সদস্যদের চেহারা, পেছনে থাকা “মিডিয়া সেল” লেখা এবং দৃশ্যের সামগ্রিক বিন্যাস একই রকম। তবে মূল ছবিতে থাকা ব্যক্তিকে এআই তথা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়েছিলেন শিবির কর্মী তাফসিরুল ইসলাম। এ ঘটনার পর র‍্যাব তাকে গ্রেফতার করেছিল।

পরবর্তী অনুসন্ধানে গত ৫ নভেম্বর জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

জাতীয় দৈনিক কালবেলার গত ৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ৭ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের গত ৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে র‍্যাব ও পুলিশ আলাদা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

সুতরাং, চট্টগ্রামে বিএনপির এমপি পদপ্রার্থী এরশাদ উল্লাহকে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যার অভিযোগে শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিগুলো মিথ্যা।

তথ্যসূত্র

Share: