সম্প্রতি ‘তারেক রহমান বাংলাদেশে আসলে তার উপরে হামলা চালাবে শিবির: নুরুল ইসলাম’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের ছবিযুক্ত গণমাধ্যম বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হামলা করবে- এই দাবিতে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং নুরুল ইসলাম সাদ্দামও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বিবিসি বাংলার প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বিবিসি বাংলার লোগো রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বিবিসি বাংলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, বিবিসি বাংলার প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

বিবিসি বাংলা ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের ফেসবুক প্রোফাইল যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের ছবি যুক্ত করে ‘তারেক রহমান বাংলাদেশে আসলে তার উপরে হামলা চালাবে শিবির: নুরুল ইসলাম’ শিরোনামে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- BBC News বাংলা – Facebook Page
- BBC News বাংলা – Website
- BBC News বাংলা – YouTube
- Nurul Islam Saddam – Facebook Profile


