শিবির নেতার বাবার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে বার্তা বাজারের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘শিবির নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বার্তা বাজারের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শিবির নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শিরোনামে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বার্তা বাজারের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১০ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে বার্তা বাজার নিউজের ফেসবুক পেজ থেকে গত ১০ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বার্তা বাজারের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বার্তা বাজারের ফেসবুক পেজে গত ১০ জানুয়ারি `ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বার্তা বাজারের মূল ফটোকার্ডটিতে ‘ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে `শিবির নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, বার্তা বাজারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত বার্তা বাজার নিউজের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ছাত্রদলের এক নেতার বাবার পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কাশেম আলীর ছেলে মোবারক হোসেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব। কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। স্থানীয় বিএনপির অন্তত দুইজন নেতা বলেন, কাশেম আলী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের পিতা । মোবারক নারায়ণগঞ্জ-২ আসনে এক সংসদ সদস্য প্রার্থীর ঘনিষ্ঠ অনুসারী।
সুতরাং, `শিবির নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শিরোনামে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Barta Bazar- Facebook Page
- Barta Bazar- Website
- Barta Bazar- ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫

