গত ২৩ এপ্রিল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, কুমিল্লা পলিটেকনিকে ৩ শিবির কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। দাবিটি স্থানীয় দৈনিক ‘কুমিল্লার কাগজ’ এর বরাতে প্রচার করা হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা পলিটেকনিকে তিন শিবির কর্মীর লাশ উদ্ধারের দাবিটি সঠিক নয়। কুমিল্লার কাগজও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, উক্ত ঘটনায় একাধিক আহতের খবর পাওয়া গেলেও কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে কুমিল্লার কাগজ এমন কোনো সংবাদ প্রচার করেছে কিনা তা জানতে গণমাধ্যমটির ওয়েবসাইট ও ফেসবুক পেজে উক্ত দাবি সংবলিত কোনো তথ্য পাওয়া যায়নি। পত্রিকাটির ওয়েবসাইটে এই ঘটনা সংক্রান্ত সংবাদ থেকে জানা যায়, উক্ত ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
জাতীয় দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এতে উভয়পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন।
সুতরাং, কুমিল্লার কাগজকে জড়িয়ে কুমিল্লা পলিটেকনিকে তিন শিবির কর্মী নিহতের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Comillar Kagoj: কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫


