সম্প্রতি, ‘১ বছরের শিবিরের হাতে প্রবাসীর স্ত্রী ধ-র্ষ-ণ ৭৮ জন’ শিরোনামে আমার দেশ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১ বছরের শিবিরের হাতে প্রবাসীর স্ত্রী ধ-র্ষ-ণ ৭৮ জন’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ ৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে সেসময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ৭ ডিসেম্বর গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “এ প্রজন্ম আর পুরনো রাজনীতি মেনে নিবে না” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে। তবে মূল ফটোকার্ডে তারিখ ৭ ডিসেম্বর উল্লেখ থাকলেও প্রচারিত ফটোকার্ডে ৮ ডিসেম্বর রয়েছে। এছাড়া, আমার দেশের মূল ফটোকার্ডটিতে “এ প্রজন্ম আর পুরনো রাজনীতি মেনে নিবে না” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘১ বছরের শিবিরের হাতে প্রবাসীর স্ত্রী ধ-র্ষ-ণ ৭৮ জন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটির তারিখ ও শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত আমার দেশের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণ-মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলো করে যেতে পারেনি, কিছু কিছু দল বা গোষ্ঠী সেই কাজগুলো নিজেদের হাতে তুলে নিয়েছে। এ প্রেক্ষাপটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ধরনের হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চলবে না। এ প্রজন্ম এসব ঘৃণ্য রাজনীতি মেনে নিবে না।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘১ বছরের শিবিরের হাতে প্রবাসীর স্ত্রী ধ-র্ষ-ণ ৭৮ জন’ শিরোনামে আমার দেশ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Post


