শিবির প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবের নামে সার্কাজম পেজের পোস্ট প্রচার

গতকাল ২১ এপ্রিল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতি নিয়ে বিবাদের জেরে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রশিবিরের একজন কর্মীর গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘শিবিরের কোন অস্তিত্বই এই দেশে আমরা আর রাখবো না’।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,‘শিবিরের কোন অস্তিত্বই এই দেশে আমরা আর রাখবো না’ শীর্ষক মন্তব্য করেননি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উদ্দেশ্যে এমন মন্তব্য করলে তা সাধারণত গণমাধ্যমে তা গুরুত্ব সহকারে প্রচারিত হতো। তবে এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ এপ্রিল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

তবে এটি কোনো বিশ্বস্ত তথ্যসূত্র নয়। পেজটির বায়ো বা পরিচিতি অংশে উল্লেখ রয়েছে, ‘এই পেজটি ভাইরাল ও ট্রেন্ডিং বিষয়গুলোকে বিনোদনধর্মী সংবাদ আকারে প্রকাশ করে।’ এছাড়া, একই পেজের পূর্ববর্তী পরিচিতিতেও বলা হয়েছিল, এটি মূলত বিনোদনের উদ্দেশ্যে পরিচালিত। রিউমর স্ক্যানার পূর্বেও এই পেজ থেকে ব্যঙ্গাত্মকভাবে ছড়ানো একাধিক ফটোকার্ডের সূত্র ধরে প্রচারিত ভুয়া তথ্য যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, রাকিবুল ইসলাম রাকিব ‘শিবিরের কোন অস্তিত্বই এই দেশে আমরা আর রাখবো না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Ashar Alo Facebook Post
  • Rumor Scanner’s Analysis

হালনাগাদ / Update

৩০ এপ্রিল ২০২৬: প্রথম প্রকাশিত প্রতিবেদনে ‘আশার আলো’ পেজটির বায়োতে ‘বিনোদনের উদ্দেশ্যে তৈরি’ উল্লেখ করা হয়েছিল, যা আসলে পেজটির পূর্বের বায়ো ছিল। অনাকাঙ্ক্ষিত এ ভুলটি সংশোধন করে পেজটির বর্তমান বায়োর তথ্য অনুযায়ী প্রতিবেদনটি হালনাগাদ করা হয়েছে।

Share: