জকসু নির্বাচনে শিবির সমর্থিত পুরো প্যানেল বিজয়ী হওয়ার দাবি সঠিক নয় 

গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জকসু নির্বাচনে শিবির সমর্থিত পুরো প্যানেল বিজয়ী হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের পুরো প্যানেল জয়ী হওয়ার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে শিবির সমর্থিত প্যানেলের ২১ জন প্রার্থীদের মধ্যে ভিপি-জিএস-এজিএসসহ মোট ১৬ জন নির্বাচিত হয়েছেন, ৫ জন নির্বাচিত হতে পারেননি।

এ বিষয়ে অনুসন্ধানে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ফেসবুক পেজে প্যানেলটির ২১ জন প্রার্থীর নাম, ছবি ও পদের নামসহ একটি পোস্ট গত ৬ জানুয়ারিতে পাওয়া যায়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে গত ৮ জানুয়ারিতে জকসু নির্বাচনের ফলাফল পাওয়া যায়। জকসু নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করলে দেখা যায়, জকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের পুরো প্যানেল জয়ী হতে পারিনি। প্রকৃতপক্ষে শিবির সমর্থিত প্যানেলের ২১ জন প্রার্থীদের মধ্যে ভিপি-জিএস-এজিএসসহ মোট ১৬ জন নির্বাচিত হয়েছেন, ৫ জন নির্বাচিত হতে পারেননি। যারা নির্বাচিত হতে পারেননি তারা হলেন : সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মোঃ সোহাগ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য পদে সালেম হোসেন সিয়াম ও মোঃ আরিফুর রহমান (কাজী আরিফ)।

উপরোল্লিখিত সম্পাদকীয় যেসব পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী জয়ী হতে পারেননি সেসব পদে জয়ী হয়েছেন: সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, পরিবহন সম্পাদক পদে মোঃ মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মোঃ রিয়াসাল রাকিব। জয়ী হওয়া এই তিনজনই ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেল থেকে নির্বাচন করেছেন।

নির্বাহী সদস্য পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের দুইজন জয়ী হতে পারেননি, তাদের জায়গায় জয়ী হয়েছেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলের মোঃ সাদমান আমিন (সাদমান সাম্য) ও স্বতন্ত্র হিসেবে মোঃ জাহিদ হাসান।

পাশাপাশি, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ফেসবুক পেজেও জয়ী হিসেবে ১৬ জনের নাম পাওয়া যায়।

এছাড়াও, এ বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, জকসুতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস), আটটি সম্পাদক ও পাঁচটি সদস্যপদসহ শিক্ষার্থী সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

সুতরাং, জকসু নির্বাচনে শিবির সমর্থিত পুরো প্যানেল বিজয়ী হয়েছে শীর্ষক দাবি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: