জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গত ৭ এপ্রিল, ২০২৬ তারিখে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছিল। তবে গ্রেপ্তারের পাঁচ দিন পর ১২ এপ্রিল, ২০২৬ তারিখে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সম্প্রতি, সেই গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে ‘সাবেক স্পিকার শিরিন শারমিনের গ্রেফতারের প্রতিবাদে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শিরীন শারমিনের গ্রেফতারের পর মশাল মিছিলের কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতিবাদে গত ২৯ জানুয়ারিতে পল্টনে বাংলাদেশ আমজনগণ পার্টির মশাল মিছিলের দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘গ্লোবাল টিভি বাংলাদেশ’ এর ফেসবুক পেজে ‘আমজনগন পার্টির মশাল মিছিলে উ’ত্তা’ল পল্টন’ শিরোনামে গত ২৯ জানুয়ারিতে প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তুলনা করলে মিল পাওয়া যায়।

সংবাদমাধ্যমটির ভিডিওতে বলা হয়, বাংলাদেশ আমজনগণ পার্টির মশাল মিছিল এটি। এই মশাল মিছিল এসে পৌঁছেছে পল্টনে। মূলত নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তারা আজকে এই মশাল মিছিলটি করছেন। ইতোপূর্বে বাংলাদেশ আমজনগণ পার্টি তাদের দলীয় নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করেছে। প্রাথমিকভাবে তাদের এই আবেদন গৃহীত হয়েছিল। কিন্তু তারপর তাদের চূড়ান্ত বৈধতা দেওয়া হয়নি।
এছাড়াও, মিছিলের ব্যানারে থাকা লেখাতেও ‘নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে’ লেখার উল্লেখ পাওয়া যায়।
পাশাপাশি, নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে আমজনগণ পার্টির প্রতিবাদ মশাল মিছিল দাবিতে উক্ত ঘটনার আরো একাধিক ভিডিও নানা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি শিরীন শারমিন গ্রেফতারের ইস্যুতে মশাল মিছিলের নয়।
এছাড়া, পূর্বেও ভিন্ন দাবিতে একই ভিডিওটি প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, পল্টনে বাংলাদেশ আমজনগণ পার্টির মশাল মিছিলের পুরোনো ভিডিওকে শিরীন শারমিনের গ্রেফতারের জন্যে মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Global TV Bangladesh – আমজনগন পার্টির মশাল মিছিলে উ’ত্তা’ল পল্টন
- ‘GreenTV News – আমজনগণ পার্টির মশাল মিছিল
- Rumor scanner’s Own analysis


