শিরিন শারমিনকে কলকাতায় দেখা গেছে দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি, স্বাধীনতা দিবসে তাকে কলকাতায় দেখা গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কলকাতায় নয় এবং সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের মে মাসে ঢাকার একটি মেলায় শিরিন শারমিনের পরিদর্শনে যাওয়ার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে The post ranger নামের একটি চ্যানেলে ২০২৪ সালের ০৬ জুন একই ভিডিও প্রকাশ হতে দেখা যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, শিরিন শারমিন চৌধুরী মেলা পরিদর্শনে গিয়েছেন।

কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে ‘জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা’ নামের এই মেলায় অংশগ্রহণকারী একজন উদ্যোক্তার পেজের ২১ মে এর পোস্ট থেকে জানা যায়, সেদিন শিরিন শারমিন মেলায় গিয়েছিলেন। পোস্টে সংযুক্ত শিরিন শারমিনের ছবির সাথে আলোচিত ভিডিওতে থাকা শিরিন শারমিনের পোশাকেরও মিল পাওয়া যায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯ মে তৎকালীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) মেলাটি শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি শিরীন শারমিন চৌধুরীকে স্বাধীনতা দিবসে কলকাতায় দেখা গেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: