শোকজ প্রসঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে শেখ তানভীর বারী হামিমের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ২৭ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় শোকজ নোটিশ পাঠানো হয়। তবে নোটিশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি স্পষ্ট করা হয়নি। এরপর থেকেই হামিম ‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতে ও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুক প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই হামিমের নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ তানভীর বারী হামিমের এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত ২৮ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওবার্তা খুঁজে পাওয়া যায়। ভিডিওবার্তায় হামিম জানান, গত ২৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল করেন। সেই ইফতার মাহফিলের জন্যে তাকে শো-কজ করা হয়েছে । তবে ভিডিওবার্তায় তাকে শিবির প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

তাই এবিষয়ে জানতে শেখ তানভীর বারী হামিমের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তিনি কখনোই এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, ছাত্রশিবিরকে জড়িয়ে ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- শেখ তানভীর বারী হামিম Facebook Post
- Statement of Shaikh Tanvir Baree Hamim, Convener, Bangladesh Jatiotabadi Chatradal, University of Dhaka
- Rumor Scanner’s Analysis

