বিশ্বকাপে সুপার এইট নিশ্চিতের সফলতা বাংলাদেশকে উৎসর্গ করেননি জিম্বাবুয়ের সিকান্দার রাজা  

ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেয়নি। অপরদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এরই প্রেক্ষিতে, দলটির অধিনায়ক সিকান্দার রাজা “সুপার এইটে উঠে প্রথম কৃতজ্ঞতা জানাই বাংলাদেশকে কারন তাদের দোয়া ছিল আমাদের সাথে।। তারা এই বিশ্বকাপে নেই তাই আমাদের সফলতা তাদের উৎসর্গ করলাম।” শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে ৭ হাজারের অধিক বার।

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করার সফলতা বাংলাদেশকে উৎসর্গ করেননি জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। প্রকৃতপক্ষে, সিকান্দার রাজাকে জড়িয়ে ভুয়া মন্তব্য সংবলিত দাবিটি প্রচার করা হচ্ছে।

দাবিটির সম্ভাব্য সূত্রপাত অনুসন্ধানে গত ১৭ ফেব্রুয়ারি রাতে Cricket news365 নামের একটি ফেসবুক পেজে সিকান্দার রাজার কথিত বক্তব্য সংবলিত একটি ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়। উক্ত পোস্টে দাবিটির পক্ষে কোনো সূত্র বা তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

সেদিন বাসসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেদিন শ্রীলংকার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।

একইদিন দলটির অধিনায়ক সিকান্দার রাজার বক্তব্য পাওয়া যায় ক্রিকইনফোর এক প্রতিবেদনে। রাজা বলেন, “সুপার এইট একটি টিক, তবে অবশ্যই পুরো বাক্স নয়। আমরা যে লক্ষ্যগুলি অর্জনের জন্য স্থির করেছিলাম তার মধ্যে একটি ছিল অবশ্যই আমরা আমাদের দেশের জন্য আরও স্বীকৃতি এবং সম্মান বয়ে আনব।”

“দীর্ঘদিন পর সম্ভবত এটাই প্রথমবার যে ভক্তরা আমাদের সমর্থন করার জন্য এসেছেন, এবং আমার মনে হয় গত বছর ধরে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি তার কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা তাদের আশা জাগিয়েছি যে, হ্যাঁ, এই দলটি কিছু একটার দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা যদি সবাই একসাথে থাকি তবে আমরা কিছু অর্জন করতে পারব।”, বলছিলেন রাজা।

উক্ত বক্তব্যে রাজাকে বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

কিওয়ার্ড সার্চ করে পরবর্তী সময়েও সিকান্দার রাজাকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি৷

সুতরাং, বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করার সফলতা বাংলাদেশকে উৎসর্গ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: