শিশুদের বইয়ে ‘গান বাজনা ভালো নয়’: আ.লীগ আমলের ইস্যুকে টেনে বিএনপিবিরোধী প্রচার

সম্প্রতি, ‘শিশুর বইয়ে লেখা “গান বাজনা ভালো নয়”, কে বা কারা, কি উদ্দেশ্যে ঢুকিয়ে দিচ্ছে এই বিষ?’ শিরোনামে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টে একটি বইয়ের ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে, “বাসে-লঞ্চে-ট্রেনে চলতি পথে দেখা যায় কিছু লোক বই ফেরি করে বেঁচছে। বইগুলার অনুমোদন নেই, প্রকাশনা নেই, কোনো হিসাব নেই। বইয়ের ভেতরে শিশুকে শেখানো হচ্ছে গান বাজনা খারাপ, ছবি আঁকা পাপ। এই বই ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, নদীপথে, হাটে-বাজারে। এটা কিন্তু হঠাৎ করে হয়নি। যে দলটা ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ ভোটের মাঠে কাউকে না রেখে, জনগণকে বাইরে রেখে নিজেরা নিজেরা কুর্সিতে বসেছে, সেই বিএনপির জন্মই হয়েছিল সেনানিবাসের ভেতরে। জিয়াউর রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে জামায়াতকে পুনর্বাসিত করেছিলেন, সেই যুদ্ধাপরাধীদের দল আজও এই দেশে রাজনীতি করছে। আর এই দুইয়ের মিলিত ছায়ায় বড় হয়েছে একটা নেটওয়ার্ক, যেটা শিশুর মাথায় ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছে তালেবানি পাঠ্যক্রম।”

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে।

একই দাবির পোস্ট দেখুন ইনস্টাগ্রাম, ইউটিউবে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “গান বাজনা ভালো নয়” লেখা বইটি চলতি বছরেই প্রথম বাজারে এসেছে এমন দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এমন বই ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের সময়েও ছিল। তাছাড়া, এটি শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত কোনো পাঠ্যবইও নয়।

এই বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে গত ২৫ মে ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইলে এক নারীর একটি পোস্টে একই ছবির সন্ধান পাওয়া যায়। পোস্টে তিনি জানান, লঞ্চে এই বইটি একজন বিক্রি করছিল। তিনি প্রশ্ন তোলেন, এই বইগুলো পাবলিশার্স থেকে ছাড় বা সরকারি অনুমোদন, অনুমতি ইত্যাদির তোয়াক্কা ছাড়া কীভাবে ছড়িয়ে পড়ছে।

অর্থাৎ, এই পোস্ট থেকেই ছবিটি নিয়ে আওয়ামী লীগের পেজে পোস্ট করা হয়। 


আরো অনুসন্ধানে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে সমজাতীয় একটি ছবি পাওয়া যায়। এই ছবিতেও ‘গ’তে ‘গান বাজনা ভালো নয়’ লেখা ছিল। প্রতিবেদনে এটি শিশুশিক্ষা বই বলে জানানো হয়।

রিউমর স্ক্যানারের সে বছরের একটি ফ্যাক্টচেক থেকে জানা যায়, আলোচিত এই পৃষ্ঠাটি কোন বইয়ের তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ২০ ফেব্রুয়ারি থেকে উক্ত পাতার মূল ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়।

অনুসন্ধানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কোনো বইতেই এমন লেখা উল্লেখ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘গান বাজনা ভালো নয়’ লেখা বইটি নিয়ে বিএনপিকে দায়ী করে প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: