সীতাকুণ্ডে জামায়াত নেতাদের গ্রামবাসীর ধাওয়ার দৃশ্য দাবিতে নরসিংদীর ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

গত ২৪ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেছে। জানা যায়, জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রায়হান উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক সৈয়দপুরের সমুদ্র উপকূলে কৃষি জমি ভরাটে যান। সেখানে প্রায় ১০০ একর কৃষি জমি ভরাটের কাজ শুরু করতে চেয়েছিলেন তারা। তবে পরে স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হন জামায়াত নেতারা। এই ঘটনার প্রেক্ষিতে ‘চট্রগ্রামের সীতাকুন্ডে মাইকে ঘোষণা দিয়ে, জা*মা*ত ইস*লা*মী/র নেতাদের ধাওয়া দিচ্ছেন, গ্রামবাসী।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি ভরাট নিয়ে গ্রামবাসীর জামায়াত নেতাদের ধাওয়া করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিওকে চট্টগ্রামের উক্ত ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ০৮ নভেম্বর ‘নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের ঢেঁটাযুদ্ধ, আহত ১৫’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির প্রথম ১৫ সেকেন্ড ফুটেজের অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷
পরবর্তীতে, এ বিষয়ে দেশ রূপান্তরের ওয়েবসাইটে গত ০৮ নভেম্বর ‘নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১৫’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নরসিংদীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করার জেরে ফের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গত ৮ নভেম্বর সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে মাইকে ঘোষণার পর দুই দফায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুতরাং, চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি ভরাটকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর জামায়াত নেতাদের ধাওয়া করার দৃশ্য দাবিতে নরসিংদীর ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

