কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলার ঘটনায় সময় টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত বছরের ২৯ ডিসেম্বর সোমবার সকাল সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এরই প্রেক্ষিতে ‘কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায়, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার’ শিরোনামে সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায়, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ২৯ ডিসেম্বর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যমটিতে প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে সময় টিভির লোগো দেখা যায়। এছাড়া, তারিখ হিসেবে ১ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকতেও দেখা যায়।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি সময় টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, গত ১ জানুয়ারি সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা ছবি ও ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের মিল রয়েছে। তবে সময় টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিতে ‘বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে মারল ওরা’ শীর্ষক শিরোনাম রয়েছে।

অর্থাৎ, সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায়, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার’ শীর্ষক শিরোনাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর, রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগার জেরে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাবনা জেলা জজকোর্টে ওকালতি করতেন তিনি।

সুতরাং, ‘কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায়, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা যুবদল নেতার’ শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: