ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে সময় টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে ‘ইসরায়েল ও আমেরিকা কে একমুহূর্তের জন্য ছাড় দেবা হবে না’ শিরোনামে সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান‘ইসরায়েল ও আমেরিকা কে একমুহূর্তের জন্য ছাড় দেবা হবে না: তারেক রহমান’ শীর্ষক মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সময় টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে সময় টিভির লোগো দেখা যায়। এছাড়া, তারিখ হিসেবে ১ মার্চ, ২০২৬ উল্লেখ থাকতেও দেখা যায়।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজে এ আলোচিত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি। এমনকি সময় টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ১ মার্চ সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা খামেনির ছবি ও ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের মিল রয়েছে। তবে সময় টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিতে ‘খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?’ শীর্ষক বাক্য থাকলেও আলোচিত ফটোকার্ড এর পরিবর্তে ‘ইসরায়েল ও আমেরিকা কে একমুহূর্তের জন্য ছাড় দেবা হবে না: তারেক রহমান’ শীর্ষক বাক্য রয়েছে। এছাড়া আলোচিত ফটোকার্ডে তারেক রহমানের একটি ছবি থাকলে মূল ফটোকার্ডে তা নেই।

অর্থাৎ, সময় টিভির এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, ইরানের কেন্দ্রীয় ধর্মীয় শহর কোমের একটি প্রতিনিধিত্বমূলক মসজিদের উপরে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটিকে ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়ার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘ইসরায়েল ও আমেরিকা কে একমুহূর্তের জন্য ছাড় দেবা হবে না’ শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

