নির্বাচনে ভোট পাওয়ার বিষয়ে জামায়াত নেতা ডা. তাহেরকে জড়িয়ে সময় টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘এবারের নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হব’ শীর্ষক মন্তব্যটি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের করেছেন দাবিতে সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এবারের নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হব’ শীর্ষক মন্তব্যটি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের করেননি এবং এমন কোনো ফটোকার্ডও সময় টিভি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে সময় টিভির লোগো এবং সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ছবি রয়েছে। তবে, প্রকোশের তারিখ উল্লেখ নেই।
উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজ থেকে এমন কোনো ফটোকার্ড খুজেঁ পাওয়া যায়নি। এছাড়া, সময় টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, সময় টিভির ফেসবুক পেজে গত ১০ আগস্ট `সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সময় টিভির মূল ফটোকার্ডটিতে ‘সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘এবারের নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হব’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ,সময় টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত সময় টিভির পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেয়া হয়েছে, তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাবো, এটা বলে দিয়েছি। উভয়কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাবো। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।
সময় টিভি ছাড়া অন্য কোনো গণমাধ্যমেও মো. তাহেরের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং,‘এবারের নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হব’ শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Somoy Tv- Facebook Page
- Somoy Tv- Website
- Somoy Tv- Youtube Channel
- Somoy Tv – Facebook Post
- Somoy Tv- সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত: তাহের

