চলমান সংঘাতে ইরানের মসজিদে অগ্নিকাণ্ড দাবিতে দক্ষিণ আফ্রিকার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি মসজিদের অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করে টাইটেল হিসেবে লেখা হয়েছে, ‘USA/ইসরাইল যৌথ যুদ্ধ ভয়ংকর রূপ ধারণ করেছে আজকে আবার ও ইরানে একটা মসজিদে মিসাইল এর আঘাতে ভয়াবহ আগুন লেগেছে তারা শুধু মসজিদকে টাগেট করে বোমা মিসাইল নিক্ষেপ করছে’।
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে মিসাইলের আঘাতে ইরানের মসজিদের অগ্নিকাণ্ডের দৃশ্যের।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি ৭০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে মিসাইলের আঘাতে ইরানের মসজিদের অগ্নিকাণ্ডের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২০ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদে অগ্নিকাণ্ডের দৃশ্যের যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Community Outreach UK’ নামক একটি ফেসবুক পেজে ২০২০ সালের ২৪ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘দক্ষিণ আফ্রিকার ডারবানের জুমা মসজিদ। সোমবার, ২৪ আগস্ট ২০২০। দক্ষিণ গোলার্ধের বৃহত্তম এই মসজিদে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।’ (অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে ইন্দোনেশিয়ার মূলধারার সংবাদমাধ্যম ‘সুয়ারা’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ২৫ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে মসজিদে অগ্নিকান্ডের একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল রয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ১৩৯ বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদে গত সোমবার (২৪/০৮/২০২০) এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র ওয়েবসাইটে এ বিষয়ে ২০২০ সালের ২৪ আগস্টে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ১৩৯ বছরের পুরনো একটি মসজিদে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দক্ষিণ গোলার্ধের অন্যতম বৃহত্তম এই ‘গ্রে স্ট্রিট মসজিদ’-এ সোমবার (২০২০ সালের ২৪ আগস্ট) লাগা আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলেমান জানান, ধারণা করা হচ্ছে মসজিদের উপরে অবস্থিত কর্মীদের জন্য নির্ধারিত সাতটি ফ্ল্যাটের একটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এটি সম্ভবত বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটেছে।’ (অনূদিত)
এছাড়াও, আরো একাধিক গণমাধ্যমে সেসময় একইরকম তথ্যসমেত সংবাদ প্রকাশ হতে দেখা যায়।
অর্থাৎ, উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে মিসাইলের আঘাতে ইরানের মসজিদের অগ্নিকাণ্ডের দৃশ্যের নয়।
সুতরাং, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে মিসাইলের আঘাতে ইরানের মসজিদে অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মসজিদে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Community Outreach UK – Facebook Post
- Suara – Masjid Bersejarah di Afrika Selatan Terbakar, Diduga Korsleting Listrik
- Al Jazeera – South Africa: Massive fire engulfs historic Durban mosque
- Rumor Scanner’s analysis

