স্পিকার আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেননি, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘পুলিশ হত্যা ও ধানমন্ডি ৩২ ভাংচুরের বিচার শুরু; আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিলেন স্পিকার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩৫ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ‘পুলিশ হত্যা’ ও ‘ধানমন্ডি ৩২ ভাংচুর’ এর বিচার শুরু হয়নি এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশও দেননি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ‘ধানমন্ডির ৩২ নম্বরের ঘটনা গণতন্ত্রের যাত্রাপথে বাঁধা হতে পারে’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করে বলেন, আমরা ধারণা করছি, এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সে জন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কি না, তা জানার চেষ্টা করব।

অর্থাৎ, ভিডিওটি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ক নয় এবং সেসময় হাফিজ উদ্দিন আহমদ স্পিকারও ছিলেন না।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ মার্চ ‘জুলাই বিপ্লবের পরে পুলিশের মনোবল শূন্যের কোঠায় ছিল: আইজিপি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পুলিশ হত্যার তদন্তপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশসহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয়, সেটাই হবে। এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই।

ভিডিও যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৪ নভেম্বর ‘শেখ হাসিনা ড. ইউনূসকে বলতো সুদখোর: বঙ্গবীর কাদের সিদ্দিকী’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বার্তা বাজারের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি নিজ গ্রামে জুমার নামাজের পর এলাকাবাসীর সঙ্গে এক সৌজন্য সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে, শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা তার অনেক পর তাকে চিনলাম। আমি তো বহু মানুষের পর চিনলাম।

সুতরাং, ‘পুলিশ হত্যা’ ও ‘ধানমন্ডি ৩২ ভাংচুর’ এর বিচার শুরু এবং স্পিকার কর্তৃক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার দাবিগুলো ভুয়া।

তথ্যসূত্র

Share: