‘সুদূর লন্ডন থেকে এসেছেন’ মন্তব্যটি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেননি ডেপুটি স্পিকার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ডেপুটি স্পিকার কায়সার কামালের বলা একটি বক্তব্যের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘তারেক রহমান কে লন্ডন প্রবাসী বলে অপমান করলেন স্পিকার। মাননীয় সদস্য আপনি সুদূর লন্ডন থেকে এসেছেন আপনাকে এক মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো।’

প্রচারিত ভিডিওতে ডেপুটি স্পিকারকে বলতে শোনা যায়, ‘মাননীয় সদস্য একটু থামুন। মাননীয় সদস্য এক মিনিট আপনাকে বরাদ্দ দেওয়া হচ্ছে, একটু থামুন। মাননীয় সদস্য আপনি সুদূর লন্ডন থেকে এখানে এসেছেন, ইলেকশন করেছেন, অনেক কথা বলার আছে৷ উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট৷ কনসিডারিং অল অফ দ্য এসপেক্ট আপনাকে এক মিনিট সময় অতিরিক্ত দেওয়া হলো, এখন বলুন আপনি দয়া করে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ফেসবুক পোস্টটি এককভাবে ৩১ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৬৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ডেপুটি স্পিকার কায়সার কামাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেননি ‘সুদূর লন্ডন থেকে এখানে এসেছেন’, বরং সংসদ সদস্য এম এ মালেককে বলা ডেপুটি স্পিকারের বক্তব্য তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্যা পিপল’ এর ফেসবুক পেজে গত ২৯ মার্চে ‘স্পিকার থামুন থামুন বলেও থামাতে পারছিলেন না সংসদ সদস্য আব্দুল মালেক কে’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ‘ফেস দ্যা পিপল’ এর পোস্টে বলা হয়, ডেপুটি স্পিকার আলোচিত বক্তব্যটি সংসদ সদস্য এম এ মালেককে উদ্দেশ্য করে বলেছেন।

পরবর্তী অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয় সংসদ’ এর ইউটিউব চ্যানেলে গত ২৯ মার্চে সংসদ অধিবেশনের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ১ ঘন্টা ১০ মিনিট পরবর্তী সময়ে আলোচিত দৃশ্য পাওয়া যায়। উক্ত দৃশ্য বিশ্লেষণ করলেও নিশ্চিত হওয়া যায় যে ডেপুটি স্পিকার আলোচিত বক্তব্যটি সংসদ সদস্য এম এ মালেককে বলেছিলেন। এমনকি মালেককে পরবর্তীতে বক্তব্য চালিয়ে যেতেও দেখা যায়। উল্লেখ্য, ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্য এম এ মালেককে ‘সুদূর লন্ডন থেকে এখানে এসেছেন’ শীর্ষক বাক্যটি অপমানজনকভাবে বলেননি।

সুতরাং, ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদ সদস্য এম এ মালেককে উদ্দেশ্য করে বলা ‘সুদূর লন্ডন থেকে এখানে এসেছেন’ বলা বক্তব্যকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্যে বলা বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: