নির্বাচনের জন্য এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাশ দেওয়ার দাবিটি ভুয়া 

সম্প্রতি, “নির্বাচন এর জন্য ssc পরিক্ষা বাতিল ঘোষণা অটো পাশ দেওয়ার” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫৩ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনের জন্য এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাশের ঘোষণা দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ জানুয়ারি ‘দেশের খবর | Desher Khobor | 27 January 2026 | NTV News | NTV Latest News Update’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ২০ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ২৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে তবে অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, উক্ত ১৭ মিনিটের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। উক্ত ভিডিওর কোথাও এসএসসি পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, নির্বাচনের জন্য এসএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা করে অটোপাশ দেওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এসএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

গত ১৫ জানুয়ারি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে।

সুতরাং, নির্বাচনের জন্য এসএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের অটোপাশ দেওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: