এসএসসিতে গণিত-ইংরেজি না হওয়া নিয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার, ভিডিওটি এআই নির্মিত

গত সপ্তাহে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে একজন নিউজ প্রেজেন্টারকে বলতে দেখা যায়, “এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি পরীক্ষায় এবার গণিত আর ইংরেজি পরীক্ষা হবে না।”

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে ৯৫ হাজারের অধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এবার এসএসসিতে গণিত-ইংরেজি পরীক্ষা না হওয়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে। নতুন সরকার এসএসসি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানতে কিওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের এসএসসি সংক্রান্ত একটি বক্তব্য পাওয়া যায়। শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, “আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণপ্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

পরবর্তী অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত আরেক প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর এসএসসি সংক্রান্ত আরেকটি বক্তব্য পাওয়া যায়। এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র এরইমধ্যে তৈরি হয়ে গেছে। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই।’

এই দুই প্রতিবেদনের কোনোটিতেই এবার এসএসসিতে গণিত ও ইংরেজি পরীক্ষা না হওয়া সংক্রান্ত কোনো তথ্য মেলেনি। নির্ভরযোগ্য সূত্রগুলোতেও উক্ত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, এ সংক্রান্ত প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ।

সুতরাং, এ বছরের এসএসসি পরীক্ষায় গণিত-ইংরেজি পরীক্ষা হবে না বলে যে দাবি প্রচার করা হয়েছে তা ভুয়া ও বানোয়াট এবং এ সংক্রান্ত ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: