ভারতে এক মুসলিম আইস্ক্রিম বিক্রেতাকে হিন্দুদের নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ভয়েসওভারে দাবি করা হচ্ছে, হিন্দুরা ওই বৃদ্ধের আইস্ক্রিম ও তার সাইকেল ফেলে দিচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে প্রায় ২৫ লক্ষ বার দেখা হয়েছে। এতে প্রায় ৩ হাজার প্রতিক্রিয়া এসেছে এবং ভিডিওটি শেয়ার করা হয়েছে ৪২ হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি একটি কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘muklesur__bhaijaani’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ৯ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনামেও একই ধরনের দাবি করা হয়েছে। তবে প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে একই বৃদ্ধকে নিয়ে আরও একাধিক ভিডিও (১,২,৩,৪) রয়েছে। বিভিন্ন ভিডিওতে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

পরবর্তীতে ‘Muklesur Bhaijaan 2.0’ নামের একটি ইউটিউব চ্যানেলেও একই ধরনের ভিডিও পাওয়া যায়। ওই চ্যানেলের বিবরণে উল্লেখ রয়েছে, সেখানে প্রকাশিত সব ভিডিও স্ক্রিপ্টেড ও পরিকল্পিত এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।
সুতরাং, সাজানো একটি ভিডিওকে ভারতে মুসলিম এক বৃদ্ধ আইসক্রিম বিক্রেতার ওপর নির্যাতনের বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Muklesur Ali – Instagram Post


