সম্প্রতি, চলন্ত ট্রেনে এক যুবক কর্তৃক এক বৃদ্ধের গলা চেপে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ভারতে ট্রেনে এক মুসলিম বৃদ্ধকে নির্যাতনের দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট পাওয়া যায়: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: এক্স, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক।
একই ভিডিও আবার ভিন্ন দাবিতেও প্রচার করা হয়। বলা হয়, এটি ঢাকায় বাসের মধ্যে শেখ হাসিনার পক্ষে কথা বলায় এক বয়স্ক ব্যক্তিকে এনসিপি নেতার নির্যাতনের দৃশ্য।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দুই দাবির কোনোটিই সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো বা অভিনীত ভিডিও, যা বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম রেডিটে গত ৬ মে প্রকাশিত ভিডিওটির দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্রথমে যুবকটি বৃদ্ধের গলার দুই পাশে হাত রেখে চেপে ধরার ভঙ্গি করে। পরে ঘুষি মারার ভঙ্গি করলেও প্রকৃতপক্ষে ঘুষি দেয়নি।
রেডিটের মন্তব্যঘরে এক ব্যক্তি লেখেন, ভিডিওর দুই ব্যক্তি একে অপরের আত্মীয়। এ বিষয়ে তারা দ্বিতীয় একটি ভিডিওতে বিষয়টি পরিষ্কার করেছেন।
এই সূত্র ধরে অনুসন্ধানে ‘Surya Mondal’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ৭ মে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেখানে ভাইরাল ভিডিওর দুই ব্যক্তিকেই দেখা যায়। ভিডিওর ভয়েসওভারে বলা হয়, “হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। আমি এই চাচার সঙ্গে আগে একটি ভিডিও বানিয়েছিলাম। এই চাচা আমার খুব কাছের মানুষ। ভিডিওটি বানানোর জন্য অনেকেই আমাকে খারাপ বলেছে, রাজনৈতিকভাবে নিয়েছে। কিন্তু আমরা একটি ফানি ভিডিও বানিয়েছিলাম।”
গত ৯ মে প্রকাশিত আরেকটি ভিডিওতে ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, “চাচা-ভাতিজা আছি।” সেখানেও ভাইরাল ভিডিওটি ফানি কনটেন্ট হিসেবে তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।
সূর্য মণ্ডলের ফেসবুক প্রোফাইলে ওই বৃদ্ধের সঙ্গে একাধিক ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। তবে ভাইরাল ভিডিওটি বর্তমানে প্রোফাইলে নেই।
সুতরাং, কনটেন্ট ক্রিয়েটরের তৈরি একটি অভিনীত ভিডিওকে ভারতে মুসলিম বৃদ্ধকে নির্যাতন এবং শেখ হাসিনার পক্ষে কথা বলায় বাংলাদেশে বৃদ্ধকে নির্যাতনের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Surya Mondal – Facebook Post
- Surya Mondal – Facebook Profile


