ভারতে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ কর্মকর্তা মহাসড়কে নামাজরত এক মুসলিম ব্যক্তিকে লাথি মারছেন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
দাবিসংবলিত একটি ফেসবুক ভিডিও ১৭ লক্ষের বেশি বার দেখা হয়েছে এবং এতে ৫৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি এক কনটেন্ট ক্রিয়েটরের তৈরি অভিনীত বা সাজানো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় তথ্যযাচাইকারী সংস্থা ফ্যাক্টলির ওয়েবসাইটে ২০২৫ সালের ১৭ মার্চ প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ‘Raj Thakur’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২০২৫ সালের ১১ মার্চ ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটির সঙ্গে প্রকাশিত ডিসক্লেইমারে উল্লেখ ছিল, এই ভিডিওটি সম্পূর্ণভাবে সাজানো (স্ক্রিপ্টেড) এবং বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নয়। এটি শুধু বিনোদন ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো ধরনের ঘৃণাত্মক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নেই।

বর্তমানে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আর পাওয়া না গেলেও ফ্যাক্টলির প্রতিবেদনে এর আর্কাইভ সংস্করণ সংরক্ষিত রয়েছে।
পরবর্তীতে ‘Raj Thakur’ নামের ওই ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। অ্যাকাউন্টটির ক্যাটাগরিতে ‘Reel Creator’ উল্লেখ রয়েছে এবং সেখানে আরও বহু সাজানো ভিডিও দেখা যায়।
উল্লেখ্য, এর আগেও একই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রকাশিত একটি সাজানো ভিডিওকে বাংলাদেশের বাস্তব ঘটনা দাবি করে প্রচার করা হলে সে বিষয়েও ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, সাজানো একটি ভিডিওকে ভারতে নামাজরত মুসলিম ব্যক্তিকে পুলিশের লাথি দেওয়ার বাস্তব দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


