সম্প্রতি, পিতা আওয়ামী লীগের সমর্থক হওয়ায় কন্যা শিশুকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে এক কন্যা শিশুকে গামছা দিয়ে বাঁধা অবস্থায় একটি গাছে ঝুলে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো আওয়ামী লীগ সমর্থকের সন্তানকে হত্যার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি একটি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও। বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করে ফেসবুকে প্রকাশ করা হয়েছিল, যা পরবর্তীতে ভিন্ন ও মিথ্যা দাবিতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘সুজন কমেডি’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। তবে এই প্রতিবেদন লেখার সময় ভিডিওটি ওই পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।

পরবর্তীতে পেজটির অন্যান্য কনটেন্ট পর্যবেক্ষণ করে একই শিশু কন্যাকে নিয়ে নির্মিত আরও কয়েকটি ভিডিও পাওয়া যায়।
গত ২৪ নভেম্বর পেজটিতে প্রকাশিত একটি ভিডিওতে শিশুটিকে একটি রডের সঙ্গে গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। তবে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘জাস্ট ফান’। অর্থাৎ, এটি একটি বিনোদনধর্মী ভিডিও।
এছাড়া, গত ১ নভেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতে একই শিশুকে একটি রডের ওপর হেলে থাকতে দেখা যায়। ভিডিওটির শেষের দিকে শিশুটি উঠে মুখভঙ্গি করে।

এসব ছাড়াও পেজটিতে একই ধরণের আরও কিছু ভিডিও (১, ২, ৩) দেখা যায়। অর্থাৎ, এসব ভিডিও কোনো বাস্তব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়; বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি কনটেন্ট।
সুতরাং, সাজানো বা অভিনীত ভিডিওকে বাবা আওয়ামী লীগ সমর্থক হওয়ায় কন্যা শিশুকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- সুজন কমেডি: Facebook Page
- Rumor Scanner’s analysis


