চাঁদার টাকা না দেওয়ার কারণে সবজির দোকানে ভাঙচুর দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চাঁদাবাজির কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে এর স্থান, সময় ও ঘটনার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যম বা সূত্রেও এমন ঘটনার উল্লেখ মেলেনি। তবে অনুসন্ধানে ‘Shikdar2.2’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির উল্লেখযোগ্য মিল রয়েছে।

উভয় ভিডিওতে থাকা ব্যক্তি, তাদের পোশাক ও ভিডিও ধারণের স্থান পুরোপুরি মিল পাওয়া যায়।
এছাড়া, ভিডিওটি প্রচারকারী পেজটি পর্যালোচনা করে আলোচিত ভিডিওতে দেখা নারী ও পুরুষের আরও একাধিক ভিডিও (১,২,৩) পাওয়া যায়। ‘স্বাগতার ছোঁয়া’ নামের আরেকটি ফেসবুক পেজেও একই ব্যক্তিদের অংশগ্রহণে তৈরি ভিডিও (১,২,৩) পাওয়া গেছে।
পরবর্তীতে পেজগুলোর বায়ো পর্যবেক্ষণে দেখা যায়, সেগুলোকে বিনোদনধর্মী কনটেন্ট প্রকাশের পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। পেজগুলোর অন্যান্য ভিডিও পর্যালোচনা করলেও বিষয়টি স্পষ্ট হয় যে এগুলো অভিনয়ের মাধ্যমে নির্মিত কনটেন্ট।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়।
সুতরাং, একটি সাজানো ভিডিওকে চাঁদা না দেওয়ায় সবজির দোকানে ভাঙচুরের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Shikdar2.2 – Facebook Post
- Rumor Scanner’s analysis.


