‘৩ মাসের মধ্যে বিএনপির পতন নিশ্চিত করবো’ শীর্ষক মন্তব্য করেননি আসিফ মাহমুদ

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এদিন নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয় এবং ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। এতে বিএনপি ও তাদের মিত্র দল ২১২টি আসনে জয়ী হয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দল ৭৭টি আসনে জয়ী হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, আসিফ মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ-এর সঙ্গে হাত মিলিয়ে হলেও আগামী ৩ মাসের মধ্যেই বিএনপির পতন নিশ্চিত করব, ইনশাআল্লাহ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘৩ মাসের মধ্যে বিএনপির পতন নিশ্চিত করবো’ শীর্ষক আলোচিত মন্তব্য করেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে এতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, বিষয়টি যাচাইয়ে আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে তার ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্ট পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে নির্বাচনের বিষয়ে আসিফ মাহমুদের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে। তিনি আরও অভিযোগ করেন, বেশ কয়েকটি আসনে ভোট কারচুপির মাধ্যমে এনসিপিকে হারানো হয়েছে। তবে তাতে আলোচিত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, ‘আওয়ামী লীগ-এর সঙ্গে হাত মিলিয়ে হলেও আগামী ৩ মাসের মধ্যেই বিএনপির পতন নিশ্চিত করব, ইনশাআল্লাহ’ শীর্ষক মন্তব্য আসিফ মাহমুদ করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Asif Mahmud Shojib Bhuyain – Facebook Account
- Bangla Tribune – আ. লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি: আসিফ মাহমুদ
- Rumor Scanner’s analysis

