সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন- ‘কোন বিশ্ববিদ্যালয়ের জামায়ত শিবিরের বাইরে কোন শিক্ষক নিয়োগ দিতে পারবে না’। (বানান অপরিবর্তিত)

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কোন বিশ্ববিদ্যালয় জামায়াত শিবিরের বাইরে কোন শিক্ষক নিয়োগ দিতে পারবে না’ শীর্ষক আলোচিত মন্তব্যটি করেননি ডাকসু ভিপি সাদিক কায়েম। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ‘DU Insiders’ নামের এক ফেসবুক পেজের ভিন্ন এক ফটোকার্ড সম্পাদনা করে সাদিক কায়েমের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোক্ত অন্তত কোনো এক সূত্রে পাওয়া যেত।
প্রচারিত ফটোকার্ডটি লক্ষ্য করলে তাতে ‘DU Insiders’ নামের একটি লোগো দেখা যায় এবং প্রকাশের তারিখের ১২ জানুয়ারির উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে উক্ত নামে এক ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। তবে পেজ পর্যবেক্ষণ করে ১২ জানুয়ারি এরূপ কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। তবে একইদিনে ‘DU Insiders’ নামের ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ‘DU Insiders’ এর মূল ফটোকার্ডে সাদিক কায়েমের বক্তব্য দাবিতে ‘ইতোমধ্যে আমাদের ৪ মাসের কাজের পর্যালোচলার রিপোর্ট আপনাদেরকে দিয়ে দেবো। গত ৪ মাসে আমরা ১৯৭ ধরনের কাজ করেছি।’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘DU Insiders’ নামের ফেসবুক পেজের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সাদিক কায়েম জানান, দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ টি কাজ ও উদ্যোগ নিয়েছে ডাকসু।
সুতরাং, ‘কোন বিশ্ববিদ্যালয় জামায়াত শিবিরের বাইরে কোন শিক্ষক নিয়োগ দিতে পারবে না’ শীর্ষক মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Md Abu Shadik – Facebook Account
- DU Insiders – Facebook Post
- Rumor Scanner’s analysis


