জুলাই আন্দোলনের ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান লাগিয়ে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচার

সম্প্রতি, ‘বলেছিলাম না বঙ্গবন্ধুর সৈনিকদের দাবিয়ে রাখা যাবে না পেরেছিস তোরা ছাত্রলীগ না নিষিদ্ধ করেছিস দেখ ছাত্রলীগের ক্ষমতা সামনে আরো ভয়ংকর কিছু দেখবে জাতি’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শিক্ষা শান্তি প্রগতি প্রগতি, ছাত্রলীগের মূল নীতি শিক্ষা শান্তি প্রগতি, আসো নবীন ভয় নাই ছাত্রলীগে সন্ত্রাস নাই’ স্লোগান দিতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ছাত্রলীগের মিছিলের ভিডিও নয় বরং, ২০২৪ সালের জুলাই আন্দোলনে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিলের ভিডিওর অডিও অংশকে সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘fahimkhan5665’ নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৮ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। উক্ত ভিডিওতে ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, কোটা না মেধা? মেধা মেধা, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কে বলেছে কে বলেছে? সরকার সরকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান দিতে শোনা যায়।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি খাগড়াছড়িতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ভিডিও।

পরবর্তীতে, ‘মোঃ আবু বক্কর সিদ্দিক’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টেও একই সময়ে ভিন্ন ফ্রেমের ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরবর্তীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

অর্থাৎ, ভিডিওটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনার।

সুতরাং, ২০২৪ সালের জুলাই আন্দোলনে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিলের ভিডিওর অডিও অংশ সম্পাদনার করে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: