২৫ মার্চ গণহত্যার শিকার শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলনের ছবিকে ছাত্রলীগের কর্মসূচির দৃশ্য দাবিতে প্রচার

গত ২৬ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মোমবাতি প্রজ্জ্বলনের দুইটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, “২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রথম প্রহরে বীর শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন।”

উক্ত দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলনের নয় বরং, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে গণহত্যার শিকার শহীদদের স্মরণে ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোমবাতি প্রজ্জলনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্য পিপল’ এর ওয়েবসাইটে “২৫ মার্চের শহিদদের স্মরণে কুবি ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন” শীর্ষক শিরোনামে গত ২৬ মার্চে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুইটির মধ্যে একটির সাথে সাদৃশ্য পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনারে ২৫শে মার্চ কালো রাতে গণহত্যার শিকার শহিদদের স্মরণে রাত ১১:৫৫ এর দিকে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুবি শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান শুভর নির্দেশনায় এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।” উক্ত সংবাদ প্রতিবেদনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান শুভর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ২৬ মার্চ (২৫ মার্চ দিবাগত রাত) রাত ১২ টা ৪৭ মিনিটে “২৫ মার্চ কালো রাতে গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলিত।।” শীর্ষক ক্যাপশনে প্রচারিত ৩টি ছবি পাওয়া যায় যার ২টি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি ২টির সাদৃশ্য রয়েছে। এছাড়া, ছবিগুলো পর্যবেক্ষণ করলে তাতে রিয়াজ উদ্দিন অন্তরসহ নানাভাবে ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকা ছাত্রদল কর্মীদের দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি মূলত ২৫ মার্চ কালো রাতে গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলনের দৃশ্য।

সুতরাং, ২৫ মার্চ কালো রাতে গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলনের দৃশ্যকে বাংলাদেশ ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: