সম্প্রতি, ‘ছাত্রলীগের ভয়েই পিছু হটলো পুলিশ।’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভয়ে পুলিশের পিছু হটার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ১৮ জুলাই উত্তরায় গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য এটি।
অনুসন্ধানে ‘Bangladesh News Tube’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত বছরের ১৮ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, এটি উত্তরা বি.এন.এস সেন্টারের সামনে আন্দোলনকারী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য।
এছাড়া, World Times নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও একই তারিখে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টেও আলোচিত ভিডিওটি যুক্ত থাকতে দেখা যায়।
এরপর জাতীয় দৈনিক গত বছরের ২৮ জুলাই জাতীয় দৈনিক যায়যায়দিন এর ওয়েবসাইটে ‘কোটা আন্দোলন: ১৮-১৯ জুলাই উত্তরায় যা যা ঘটল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেদিন সেখানে একাধিক আন্দোলনকারীও নিহত হন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গত বছরের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার।
সুতরাং, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে সম্প্রতি ছাত্রলীগের ভয়ে পুলিশের পিছু হটার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh News Tube- Youtube Video
- World Times- X Post
- JaiJaidin- কোটা আন্দোলন: ১৮-১৯ জুলাই উত্তরায় যা যা ঘটল


