তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ঢাবি ছাত্রদল নেতা হামিমের নামে ভুয়া মন্তব্য প্রচার

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ‘আগামী ২৫ ডিসেম্বর জনাব তারেক রহমান দেশে আসছে। ছাত্রলীগের সকল নেতা কর্মীদের বলতে চাই, আপনারা যদি ফিরতে চান। জনাব তারেক রহমানকে নেতা মেনে জাতীয়তাবাদী শক্তির সাথে যুক্ত হতে পারেন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম করেননি বরং, কোনো তথ্য প্রচার ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, শেখ তানভীর বারর হামিমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও আলোচিত বক্তব্য দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। শেখ তানভীরের অ্যাকাউন্ট থেকে গত ১২ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসা নিয়ে একটি পোস্ট করা হলেও সেটিতে এরূপ কোনো মন্তব্য করেননি।

পাশাপাশি, বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য শেখ তানভীর বারী হামিমের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘এমন কোনো মন্তব্য কখনো, কোথাও আমি করিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও না।’

উল্লেখ্য, আলোচিত পোস্টে শেখ তানভীর বারী হামিমকে ঢাবি ছাত্রদলের আহবায়ক হিসেবে উল্লেখ করা হলেও শেখ তানভীর ঢাবি ছাত্রদলের আহবায়ক নন বরং, তিনি ঢাবি কবি জসিমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহবায়ক। ঢাবি ছাত্রদলের আহবায়ক কমিটি নেই। ঢাবি ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি হিসেবে আছেন গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন নাহিদুজ্জামান শিপন।

সুতরাং, তারেক রহমান দেশে আসা উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রদলে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: