সচিবালয়ে জামায়াত-শিবিরের হামলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার

সচিবালয়ে জামাত-শিবিরের নেতাকর্মীদের হামলার ভিডিও দাবিতে গত অক্টোবর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, সচিবালয়ের বাইরে থেকে আইনশৃঙ্খলার বাহিনী সদস্যদেরকে লক্ষ্য করে জামাত-শিবির ইট ও কাচেঁর বোতল নিক্ষেপ করছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সচিবালয়ে হামলার এই ভিডিওটির সাথে জামাত-শিবিরের সংশ্লিষ্টতার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান দুর্ঘটনায় পরদিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিতের সিদ্ধান্ত জানাতে দেরি হওয়ায় রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। সেদিনের বিক্ষোভের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমকর্মী এস এম স্বাধীন-এর ফেসবুক পেজে গত ২৩ জুলাই প্রচারিত মূল ভিডিওটির সন্ধান পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে আলোচিত ভিডিওটির মত একই ক্যাপশন থাকলেও শেষাংশে ‘জামাত-শিবির’ সংক্রান্ত লেখাটির উল্লেখ নেই।

পরবর্তীতে এস এম স্বাধীনের ফেসবুক পেজ পর্যালোচনা করে সচিবালয়ে হামলার বেশকিছু ভিডিও দেখতে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলো থেকে জানা যায়, সেদিন শিক্ষার্থীরা সচিবালয়ে হামলা চালায়।

ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল নাইন-এর ফেসবুক পেজেও সেদিনের সচিবালয়ে হামলার ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এঘটনায় মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পরদিন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে পরীক্ষার আগের দিন অর্থাৎ, দুঘর্টনার দিন দিবাগত রাত তিনটার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানোয় অনেকেই বিষয়টি সম্পর্কে জানতে পারেননি। এঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। সেদিনের বিক্ষোভের ঘটনায় রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী অংশ নেয় বলেও প্রতিবেদনগুলো থেকে জানা যায়। তবে উক্ত ঘটনায় কোনো গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেই এর সাথে জামাত-শিবিরের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়নি। কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সচিবালয়ে জামাত-শিবিরের নেতাকর্মীদের হামলার ভিডিও দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: