‘শেখ হাসিনার অনুরোধেই আমাকে নারী এমপি বানিয়েছে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেননি গোপালগঞ্জের সুবর্ণা শিকদার

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার ঠাকুর “শেখ হাসিনার অনুরোধেই আমাকে নারী এমপি বানিয়েছে বিএনপি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি সুবর্ণা শিকদার করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের তৈরি ফটোকার্ড সম্পাদনা করে তার নামে ওই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ এপ্রিলে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। উক্ত পোস্টে ‘আশার আলো’ এর লোগো রয়েছে।
পরবর্তীতে, ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পৃষ্ঠাটি বিনোদনমূলক সংবাদ বিন্যাসে ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি প্রকাশ করে। প্রচার করা পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পরিবারের সাথেই থাকুন।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
অর্থাৎ, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও করেননি সুবর্ণা শিকদার ঠাকুর।
সুতরাং, সুবর্ণা শিকদার ঠাকুর “শেখ হাসিনার অনুরোধেই আমাকে নারী এমপি বানিয়েছে বিএনপি” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো: Facebook Post
- Rumor Scanner’s Analysis

